‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা

Date: 2026-02-05
news-banner

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতা-কর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দিয়েছেন বক্তব্য। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিএনপির একাংশের নেতা-কর্মীরা বলছেন, মাদারীপুর-১ আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। এর ফলে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার তার প্রতিদ্বন্দ্বী দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর তুলনায় ভোটের মাঠে এগিয়ে গেছেন বলে মনে করছেন দলটির নেতা-কর্মীরা।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা আক্তার গত সোমবার থেকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছেন। গতকাল সন্ধ্যায়ও পৌরসভার খান বাড়িতে অনেক বড় পরিসরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে সরাসরি প্রার্থীর পাশে বসেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।

পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। উঠান বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানা।

 

 

image

Leave Your Comments