৩০ আসনে ভোট পুনর্গণনায় মামলা করবে জামায়াত জোট

Date: 2026-02-15
news-banner

ফলাফলে অনিয়মের অভিযোগ করে ৩০টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। ফলাফল ও গেজেট প্রকাশ স্থগিত রাখার দাবি পূরণ না হওয়ায় ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ১১ দল। 

শনিবার রাতে জামায়াত কার্যালয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, নির্বাচনের পরও ১১ দলীয় ঐক্য থাকবে। সংসদ এবং বাইরে জোট হিসেবে দায়িত্ব পালন করবে। জনগণের স্বার্থে যখন যে ভূমিকা পালন করা প্রয়োজন তা করা হবে। 

নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন উঠেছে জানিয়ে হামিদুর রহমান বলেছেন, যেসব আসনে কারচুপির প্রমাণ রয়েছে, স্বল্প ব্যবধানে হারানো হয়েছে, সেগুলোতে পুনর্গণনার আবেদন করা হয়েছে। এসব আসনের গেজেট প্রকাশ স্থগিতের আবেদন করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে। অনেকে সময়ের অভাবে আবেদন করতে পারেননি। রিটার্নিং কর্মকর্তারা ইসিতে আবেদনের পরামর্শ দিয়েছিল। কিন্তু গেজেট প্রকাশের কারণ দেখিয়ে অভিযোগগুলো গ্রহণ করা হয়নি।

অভিযোগ নির্বাচন কমিশন গ্রহণ না করায় ১১ দলীয় জোট নির্বাচনী ট্রাইব্যুনালে যাবে বলে জানিয়েছেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, পর্যায়ক্রমে প্রয়োজনে হাইকোর্টে যাব। রোববার ১১ দল নির্বাচন কমিশনে যাবে। 

আযাদ বলেন, ৩০টির বেশি আসনে কারচুপির সুস্পষ্ট তথ্য রয়েছে। এগুলো তুলে ধরা হবে কমিশনের কাছে।

 

image

Leave Your Comments