শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজকে আমন্ত্রণের চিন্তা

Date: 2026-02-15
news-banner

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে। গতকাল বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা এ তথ্য জানিয়েছেন। বিবিসি বাংলার প্রতিবেদনে এসব কথা বলা হয়। বিএনপির ওই শীর্ষ পর্যায়ের নেতা বলেন, এ শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

বিএনপির নেতৃত্বে আগামী মঙ্গলবার বাংলাদেশের নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল অন্তর্বর্তী সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে- চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান।

কূটনৈতিক মহলে এ আমন্ত্রণকে নতুন সরকারের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ ও সম্পৃক্ততারই প্রতিফলন ঘটাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

image

Leave Your Comments