ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে বলে ইঙ্গিত
দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প যুদ্ধের
সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছেন, তার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড
কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই যুদ্ধ কখন শেষ হবে সেটা ওয়াশিংটন নয়, নির্ধারণ
করবে তেহরান।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি
ট্রাম্পের মন্তব্যকে ‘মিথ্যা ছাড়া আর কিছু নয়’ বলে আখ্যা দেন। তিনি বলেন,
অপমানজনক পরাজয়ের পর ট্রাম্প ‘ভুয়া সামরিক সাফল্য তৈরি করার চেষ্টা করছেন’।
নাঈনি বলেন, এই যুদ্ধের শেষ আমরা নির্ধারণ করব। তিনি আরও বলেন, আমরা জানি তোমাদের
গোলাবারুদ প্রায় শেষ হয়ে এসেছে এবং তোমরা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার
পথ খুঁজছ। কেন তোমরা আমেরিকার জনগণকে সত্য কথা বলছ না? ট্রাম্প চান না আমেরিকানরা
জানুক যে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে
গেছে।
এদিকে, ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের
সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব তাড়াতাড়ি’
শেষ হবে। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, এই সপ্তাহের মধ্যেই বা কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের
সামরিক অভিযান শেষ হবে কি না। জবাবে ট্রাম্প বলেন, আমার তাই মনে হয়। তিনি বলেন, দেখুন,
নেতৃত্বসহ তাদের যা ছিল সবই শেষ হয়ে গেছে। ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্বের অন্তত
দুই স্তর ধ্বংস হয়ে গেছে।