নির্বাচনে ভোট দেওয়ার পরও আপনার ভোট চুরি হতে পারে। তাই ভোটের ফলাফল না
নিয়ে কেউ ফিরবেন না। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে এক
প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গণভোটে ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে আশা ব্যক্ত করে জামায়াত আমির বলেন,
‘হ্যাঁ’ যদি বিজয়ী হয়, বাংলাদেশ জিতে যাবে, জুলাই বাস্তবায়ন হবে। ‘হ্যাঁ’ বিজয়ী
হলে আবরার থেকে শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে।
তিনি আরও বলেন, ‘আমরা ১১ দলীয় জোটের দলগুলো বরাবরের মতো সংস্কারের পক্ষে
ছিলাম। আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম। জাতি অতীতের রাজনীতির ভুক্তভোগী।’
তিনি বলেন, ‘আমাদের যুবকরা কাজ চায়, তারা কারও দয়া চায় না। তারা নিজে
বাংলাদেশ গড়ার অংশীদার হতে চায়। আমরা তাদের হাতে কাজ তুলে দিয়ে বলতে চাই, এবার
তোমরা বাংলাদেশটা গড়ো। আমরা তরুণদের হাতে বাংলাদেশ তুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছি। ’
২০০৮ এর পরে দেশে কোনো গণরায়ের প্রতিফলন হয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি
হয়েছে। যাদের ভোট গ্রামে আছে, নাড়ির টানে গ্রামে ফিরে যাচ্ছে এবং উৎসাহ নিয়ে ভোট
দেবে তারা।’